
রাজবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭টি বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ উপভোগ করতে পদ্মার তীরে সমাগম ঘটে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীতে শুরু হয় দ্বিতীয় দিনের মতো নৌকা বাইচ প্রতিযোগিতা।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দীর্ঘ প্রায় ২০ বছর পর গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীতে আয়োজন করা হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতার। পাল্লার সময় বৈঠার টান ও মাঝি-মাল্লাদের জারি-সারি গানে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। এ সময় দর্শনার্থীদের কেউ নৌকায় আবার কেউ নদীর তীরে দাঁড়িয়ে হাততালি ও চিৎকার করে উৎসাহ জোগান মাঝি-মাল্লাদের। নৌকা বাইচ উপলক্ষে পদ্মাপাড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এদিকে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় ৭টি বাইচ অনুষ্ঠিত হয়। তৃতীয় ও শেষ দিনের প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু করার কথা রয়েছে।
তিন দিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে পদ্মাপাড়ে বসেছে গ্রামীণ মেলা। মুখরোচক খাবার, চুড়ি-মালা, কসমেটিকসসহ হরেক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
আয়োজক কমিটি জানায়, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দিকনির্দেশনায় এই আয়োজন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্য। বহু বছর পর রাজবাড়ীর পদ্মা নদীতে বড় ধরনের একটি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের খুব ভালো লাগছে। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটেছে। কয়েক কিলোমিটার এলাকায় পা ফেলার ঠাঁই নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এসব বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতির আয়োজন করা উচিত।
নৌকা বাইচ উদযাপন কমিটির সদস্য মো. প্লাবন আলী জানান, দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় ৭টি বাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২০ বছর পর পদ্মা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে, এতে দর্শনার্থীদের মতো আয়োজক কমিটিও খুশি।
