সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন

স্পোর্টস ডেস্ক

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তার শেষ ম্যাচটি হয়ে থাকল আবেগ, ভালোবাসা ও স্মৃতিতে ভরা এক বিশেষ রাত। সতীর্থ, কোচিং স্টাফ ও গ্যালারিভর্তি দর্শকের চোখে যখন বিদায়ের অশ্রু, তখন মাইক্রোফোন হাতে মেসির মুখে ছিল হাসি। তবে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তিও।

এস্তাদিও মনুমেন্টাল যেন পুরোপুরিই সাজানো হয়েছিল মেসির বিদায়কে ঘিরে। তার শেষ ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিন গোলের প্রতিটিতেই কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন মেসি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোল দুটির পেছনে অবদান রাখার পর শেষ গোলটি পেনাল্টি থেকে নিজেই করেন তিনি।

ম্যাচ শেষে মাইক্রোফোন হাতে যখন বিদায়ী বক্তব্য শুরু করেন মেসি, তখন তার মুখে ছিল চওড়া হাসি। কিন্তু কিছুক্ষণ পরই চোখের কোণে জমে ওঠে অশ্রু। বক্তব্যের শুরুতেই প্রয়াত বাবা হোর্হে মেসির কথা স্মরণ করেন তিনি।

মেসি বলেন, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা (হোর্হে মেসি)। আমি কেবল আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়।’

জাতীয় দলের হয়ে লড়াইয়ের স্মৃতিও উঠে আসে তার বক্তব্যে। মেসি বলেন, ‘আমরা কখনও লড়াই থামাইনি, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। আমরা আবারও (২০২৬ আসরে) বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। বিশ্বকাপে নিজেদের সবকিছু ঢেলে দিয়েছিলাম আমরা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বড় ছিল। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছি, সারাজীবন লড়াই করেছি। কোনো সন্দেহ রাখবেন না যে, এই জার্সির জন্য আমরা সর্বদা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি।’

এরপর বিদায়ের বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

তিনি বলেন, ‘এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি তাদের ‘বীর যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি আমার সকল সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা আমার সব স্বপ্ন সত্যি করেছ– বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা। আমি সব সময় বীর যোদ্ধাদের দিয়ে পরিবেষ্টিত ছিলাম। আমি এই পরিবেশটাকে খুব মিস করব।’

ভক্তদের ভালোবাসার কথাও আলাদাভাবে স্মরণ করেন মেসি। তার ভাষায়, ‘আমি যেখানেই গিয়েছি, স্টেডিয়াম সব সময় কানায় কানায় পূর্ণ ছিল। মনে হতো আমরা যেখানেই খেলছি, সেটাই যেন আমাদের নিজেদের ঘর।’

ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের শুভকামনা জানানোর পাশাপাশি জাতীয় দলের সামনে কঠিন সময় আসতে পারে বলেও সতর্ক করেন মেসি। তিনি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলাটা মিস করব। এখন থেকে আমি মাঠের বাইরে অন্য পাশে থাকব– এই ছেলেদের এবং এরপর যারা আসবে তাদের সবার জন্য শুভকামনা জানাব ও সমর্থন দিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘কঠিন সময় সামনে আসছে, আর সেই মুহূর্তগুলোতে আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ কিছু মানুষ আছে যারা জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়। মহৎ কিছু অর্জন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।’

শেষ দিকে মেসির কণ্ঠে ফুটে ওঠে মনুমেন্টাল ও আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা। আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত।’

মেসির কথার সঙ্গে সঙ্গেই মনুমেন্টালে ছড়িয়ে পড়ে আবেগ। একদিকে অশ্রুসিক্ত সতীর্থ ও দর্শক, অন্যদিকে হাসিমুখে নিজের শেষ বক্তব্য দেওয়া মেসি—এভাবেই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে তার ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের শেষ অধ্যায়।