
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে সংঘাতের মধ্যে সিটি করপোরেশনের একাধিক গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদে অভিযান চালানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ সময় একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ঘটনার পর মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
