
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ সামরিক বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে খারকিভের একটি বহুতল আবাসিক ভবনে রুশ বাহিনীর একটি গাইডেড বোমা আঘাত হানে। এতে ভবনটির দুটি তলা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইহোর তেরেখভ।
এর আগের দিন রোববার ইউক্রেনের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালায় রুশ বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। হামলায় একটি শিশু কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষ্ণসাগরীয় ওদেসা অঞ্চলেও রুশ হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আবাসিক ভবন, একটি দোকান, হোটেল, চিকিৎসাকেন্দ্র ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়।
রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালানো হয়েছে। মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিয়েভ প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২টি আবাসিক ভবন, একটি গুদাম ও একটি উৎপাদন কেন্দ্র রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি কিয়েভে ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।
জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ২ হাজার ২০০টির বেশি ড্রোন, ১ হাজার ৬৩০টি বিমানবোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তার ভাষ্য, রাশিয়া যদি উত্তেজনা কমানোর বিষয়ে সত্যিই কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকত, তাহলে এ ধরনের বড় পরিসরের ‘শাহেদ’ ড্রোন হামলা চালানো হতো না। রাশিয়া ইউক্রেনে ইরানে তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে থাকে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভে ইউক্রেনের ‘কিয়েভস্টার’ কোম্পানির একটি ডেটা সেন্টার এবং ওমেগা টেলিকমের একটি স্থাপনায় হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীকে সেবা দিয়ে আসছিল।




