দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৫ লাখ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ প্রতিরোধে সরকারকে সবসময় প্রস্তুত থাকতে হয়। ২০২০ সালের পর নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তার প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারকে কাজ করতে হয়েছে।

তিনি বলেন, টিকা সংগ্রহের ক্ষেত্রে ইউনিসেফের নির্ধারিত পদ্ধতিতে সরাসরি কেনাকাটার পরিবর্তে আগের সরকার উন্মুক্ত দরপত্রে যেতে চেয়েছিল। এ নিয়ে বিদেশি সংস্থাগুলোর পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে টিকাদান কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরি হয়।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এ সময়ের মধ্যে হামে আক্রান্ত বিপুলসংখ্যক শিশুর মধ্যে প্রায় এক হাজারের মৃত্যু হয়েছে। তিনি বলেন, একটি শিশুর মৃত্যুও অত্যন্ত বেদনাদায়ক এবং প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে ইউনিসেফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১৮ জেলায় কর্মসূচি চালানো হয়। পরে ঢাকা ও আরও দুটি সিটি করপোরেশনকে এর আওতায় আনা হয়। এরপর নির্ধারিত সময়ের আগেই ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যাও দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, নিউমোনিয়ার পাশাপাশি অপুষ্টিও হামে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও মৃত্যুর অন্যতম কারণ। অপুষ্টিতে থাকা শিশুদের হাম হলে দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এবং শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে আইসিডিডিআরবির চিকিৎসক চিশতি মাত্র ১৫০ টাকা ব্যয়ে বোতলভিত্তিক সিপ্যাপ পদ্ধতি উদ্ভাবন করেছেন বলে জানান তিনি। স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে না পারা শিশুদের এই পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং এতে অনেক শিশুকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় হাম দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত শিশুর সংস্পর্শে থাকা অন্য শিশুদের মধ্যেও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিতে ২ কোটি ২৫ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার সঙ্গে প্রায় ৪০ লাখ শিশুর ব্যবধান ছিল। এ কারণে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। ক্যাম্পেইন শেষ হওয়ার পর ঈদুল আজহার পরদিন পর্যন্ত আরও প্রায় ১৪ লাখ শিশুকে খুঁজে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এরপরও দেশে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ক্যাচআপ কর্মসূচি নেওয়া হয়েছে। ইউনিসেফ ১০ দিনের মধ্যে আরও ৪০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। মজুত থাকা টিকার সঙ্গে নতুন ডোজ যুক্ত করে এবার ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে বাদ পড়া শিশু রয়েছে।

শনিবার থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প স্থাপনের পাশাপাশি উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, ইউএনও ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আরও জোরদারভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি। কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতাও চান স্বাস্থ্যমন্ত্রী।

কর্মজীবী মায়েদের কথা বিবেচনা করে ছুটির দিনেও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পরও বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম চলবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলমান কর্মসূচির পরও প্রায় ১০ লাখ ডোজ টিকা মজুত থাকবে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় ৪৩ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে মপআপ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্যও প্রয়োজনীয় টিকা সংরক্ষণ করা হচ্ছে।