
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল স্বাভাবিক করতে সাত দিনের একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে ইরান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ পরিকল্পনার কথা জানান।
আরাগচির ভাষ্য অনুযায়ী, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই সাত দিনের এই রূপরেখা দেওয়া হয়েছে। প্রস্তাবটি যুক্তরাষ্ট্র গ্রহণ করলে এক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত বন্ধ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ইরান প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষা করছে তেহরান। ওয়াশিংটন প্রস্তাবে সম্মতি দিলে দ্রুত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সংঘাতপূর্ণ পরিস্থিতি নিরসন এবং ওই অঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন আরাগচি।
সূত্র: আল-জাজিরা




