
আন্তর্জাতিক ডেস্ক
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটির গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচারে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও এএফপির।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানান, বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দ্রুত চিকিৎসার জন্য ১৪ জনকে রাজধানী লা পাজের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ একটি শিশুও রয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্রের একটি সামরিক কমপ্লেক্সে বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতায় আশপাশের বহু ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের মধ্যে অন্তত ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সেনাসদস্য বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের স্থানে এখনও প্রচণ্ড তাপ রয়েছে। ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলের ১৫০ মিটারের মধ্যে সাধারণ মানুষকে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বলিভিয়া পুলিশের মুখপাত্র রজার রোকা বলেন, সেনাব্যারাকের ভেতরে আতশবাজি ও বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী মজুত ছিল। তবে ঠিক কী কারণে এসব সামগ্রী বিস্ফোরিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ বের করতে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।




