চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছয় দফা দাবিতে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চের বহর চট্টগ্রামের লালদিঘী ময়দানের দিকে যাত্রা শুরু করে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে এ কর্মসূচি পালন করছে জোটটি।

লংমার্চের আগে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। ডা. শফিকুর রহমানসহ নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামমুখী লংমার্চের বহর রওনা হয়।

নির্ধারিত রুটের বিভিন্ন স্থানে পথসভা করার কর্মসূচি রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভার মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।