
আন্তর্জাতিক ডেস্ক
কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দীর্ঘদিন ধরে কেনিয়ায় কার্যক্রম চালিয়েও প্রতিষ্ঠানটি দেশটির প্রত্যাশা অনুযায়ী সুফল দিতে পারেনি-এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এ নির্দেশ দেন।
দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো অঞ্চল সফরের সময় রুটো বলেন, দীর্ঘমেয়াদি চুক্তি থাকার পরও টাটা কেমিক্যালস সেখানে কোনো কারখানা নির্মাণ করেনি। এমনকি উল্লেখযোগ্য কোনো স্থাপনাও গড়ে তোলেনি প্রতিষ্ঠানটি।
তিনি জানান, টাটা কেমিক্যালসের পরিবর্তে কেনিয়ায় কার্যক্রম পরিচালনার জন্য দুটি নতুন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন, ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের চুক্তি ছিল। কিন্তু তারা কাজিয়াদোতে কিছুই তৈরি করেনি, কাজিয়াদোতে কোনো কারখানাও নির্মাণ করেনি।
কেনিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তার সরকার নতুন একটি কোম্পানিকে সেখানে নিয়ে আসবে, যারা কাজিয়াদোতে বড় একটি কাচ তৈরির কারখানা স্থাপন করবে। পাশাপাশি রাসায়নিক উৎপাদনের জন্য আরও একটি কোম্পানিকে আনা হবে।
এ সময় রুটো প্রশ্ন তোলেন, কেনিয়া কি অন্যদের কাছে ‘দাস’ হয়ে থাকবে? তিনি বলেন, আমরা বলেছি, আমরা একটি নতুন কোম্পানি নিয়ে আসব এবং তাদের কাজিয়াদোতে একটি বড় কাচের কোম্পানি স্থাপন করতে হবে। আরেকটি কোম্পানি এখানে রাসায়নিক তৈরি করবে। আমরা কি অন্যদের কাছে দাস?
রুটোর সিদ্ধান্ত ও তার সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কেনিয়ার প্রেসিডেন্টের অভিযোগ ও কার্যক্রম বন্ধের নির্দেশ নিয়ে কোম্পানিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স




