তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, ভ্যাটসহ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—এই তিন দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়।

তবে তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল।

গত ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম কমানো হয়েছিল ৪ হাজার ১৯৯ টাকা, ফলে দাম দাঁড়ায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বাজারে এসব দাম কার্যকর ছিল। এরপর সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও বাড়িয়েছে বাজুস।

নতুন তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।