ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘সি৪৩০এল’ সাংকেতিক নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো এমন প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে রাশিয়া ইরানকে ‘র‍্যামজেট প্রোপালশন’ প্রযুক্তি সরবরাহ করছে। দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি অর্জনের চেষ্টা চালিয়ে আসছিল তেহরান। প্রযুক্তিটি সফলভাবে কাজে লাগানো গেলে ইরানের ক্ষেপণাস্ত্র আরও দ্রুতগতির হওয়ার পাশাপাশি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা প্রতিহত করাও কঠিন হয়ে উঠতে পারে।

ফলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার পর সেটি মোকাবিলায় পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর হাতে সময় আরও কমে আসবে। বিশেষ করে পানির কাছাকাছি দিয়ে উচ্চগতিতে ছুটে চলা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও অনুসরণ করা কঠিন হতে পারে।

অস্ত্র প্রযুক্তি হস্তান্তরের পরিমাণ ও গুরুত্ব বিবেচনায় এ প্রকল্পে রুশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাজ্যভিত্তিক অস্ত্র গবেষণা সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক ও ইরানি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিনজ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, রাশিয়া ইরানের কাছে অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল সামরিক প্রযুক্তি হস্তান্তর করছে। ইরান কয়েক দশক ধরে এ ধরনের প্রযুক্তি অর্জনের চেষ্টা চালিয়ে আসছিল বলেও উল্লেখ করেন তিনি।

ফাঁস হওয়া নথি পর্যালোচনা করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগেই ‘সি৪৩০এল’ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছিল।

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের আগেই র‍্যামজেট প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছিল ইরান। ২০১৯ সালে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির সামরিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

পরে ২০২৩ সালের আগস্টে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম র‍্যামজেট প্রযুক্তির একটি প্রোটোটাইপ পরীক্ষার খবর প্রকাশ করে।

সিআইএর সাবেক ইরানবিষয়ক সামরিক বিশ্লেষক জিম ল্যামসনের মতে, এই প্রযুক্তি ইরানের জন্য একটি নতুন ধরনের কৌশলগত সক্ষমতা তৈরি করতে পারে। এর ফলে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোও বাড়তি ঝুঁকির মুখে পড়তে পারে।

ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা গত কয়েক বছরে আরও বিস্তৃত হয়েছে। ইরান রাশিয়ার ড্রোন কর্মসূচিতে সহায়তা করেছে এবং এর বিপরীতে মস্কো তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারাও অভিযোগ করে আসছেন, রাশিয়া ইরানকে যুদ্ধক্ষেত্র-সংক্রান্ত বিভিন্ন সহায়তা দিচ্ছে। এর মধ্যে স্যাটেলাইট ছবি, ড্রোন প্রযুক্তি ও অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন ইরানের প্রতি রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কঠিন সময়ে মস্কো ইরানকে প্রয়োজনীয় সহায়তা ও পণ্য সরবরাহ করছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) চীনের তৈরি একটি উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট গোপনে সংগ্রহ করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণে এটি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় ওই স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠান ‘আর্থ আই’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধের সময় তারা ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে, যা মার্কিন সামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে তেহরানকে গোয়েন্দা সহায়তা দিয়েছে।