দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু সরকারের ভূমিকা নেই, এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিরও সম্পর্ক রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে শিল্প উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যে তৈরি হওয়া সংকটও ধীরে ধীরে কাটতে শুরু করবে।

এলএনজি আমদানির প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং অন্যান্য কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকটকে দীর্ঘায়িত হতে দেওয়া হবে না। আন্তর্জাতিক বিভিন্ন কারণে পরিস্থিতির সৃষ্টি হলেও তা মোকাবিলায় সরকার কাজ করছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি দেশের নদী, খাল ও বিলগুলো দূষণমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন রিজভী।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শুধু গাছ লাগানো যথেষ্ট নয়। নদী-নালা, খাল-বিলসহ সব ধরনের জলাধারকে দূষণ থেকে রক্ষা করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।