
রাজধানীর গেন্ডারিয়ায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মুন্সিরটেক এলাকার একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন চা বিক্রেতা আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান পায়ের উরুতে গুলি লেগেছে।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীর একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফুর চায়ের দোকানে গিয়েছিলেন। এ সময় হঠাৎ রাস্তায় মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করেন। তখনই একটি গুলি এসে তার বুকের বাম পাশে লাগে।
আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান চালান। গোলাগুলি শুরু হওয়ার সময় তিনি দোকানের ভেতরেই ছিলেন। সেখানেই তার কপালের মাঝখানে গুলি লাগে।
অন্যদিকে আশা আক্তার জানান, তিনি ওই এলাকার বাসিন্দা। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এ সময় তার ডান পায়ের উরুতে গুলি লাগে। তবে গোলাগুলিতে কারা জড়িত ছিল, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
