রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। তবে নির্দিষ্ট নিয়ম মেনে এসব যান অভ্যন্তরীণ সড়কে চলাচলের সুযোগ পাবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই এটি জারি করা হতে পারে। নীতিমালা কার্যকর হলে ইলেকট্রিক রিকশাগুলো একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আসবে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী ঢাকায় ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রত্যয়ন প্রয়োজন হবে। পাশাপাশি ট্রাফিক বিভাগের ফিটনেস সনদও বাধ্যতামূলক করা হবে।

সিটি করপোরেশন ও পৌরসভা নির্ধারিত নিয়ম অনুযায়ী এসব যান নিবন্ধন দেবে। ঢাকার ক্ষেত্রে সর্বোচ্চ চারজন যাত্রী বহন করতে পারে—এমন ই-রিকশাই নিবন্ধনের আওতায় আসবে। ছয়জন যাত্রী বহনের সক্ষমতাসম্পন্ন ই-রিকশা ঢাকার দুই সিটি করপোরেশনে নিবন্ধন দেওয়া হবে না।

তবে গ্রামাঞ্চল ও জেলা শহরের গ্রামীণ সড়কে দুই, চার ও ছয় যাত্রী বহনকারী ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকতে পারে।

রাজধানীর ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট আটটি জোন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোনের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। একটি জোনে নিবন্ধিত ই-রিকশা যাতে অন্য জোনে যেতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।

কোন যান কোন রুটে চলাচল করবে, তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। পাশাপাশি ই-রিকশার চলাচল নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

মীর শাহে আলম বলেন, রাজধানীর প্রধান সড়কে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এসব যান নির্ধারিত জোনের অভ্যন্তরীণ সড়কে চলাচল করবে। প্রধান সড়কে আলাদা রিকশা লেন তৈরি করা সময়সাপেক্ষ ও জটিল হওয়ায় আপাতত সে পথে না যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ই-রিকশার চার্জিং ব্যবস্থাকেও নীতিমালার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। নির্দিষ্ট চার্জিং পয়েন্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার কাছ থেকে লাইসেন্স নিতে হবে।

পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎভিত্তিক চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে অনুমোদনহীনভাবে ই-রিকশা তৈরির কারখানা গড়ে ওঠার বিষয়টিও নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। বর্তমানে এসব কারখানার সঠিক সংখ্যা সরকারের কাছে নেই।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে। বুয়েট বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুসরণ করেই ই-রিকশা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট কারখানাকেও সিটি করপোরেশন বা পৌরসভার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে।

সরকারের প্রত্যাশা, নতুন নীতিমালা কার্যকর হলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশার চলাচল, উৎপাদন, নিবন্ধন ও চার্জিং ব্যবস্থা আরও শৃঙ্খলার মধ্যে আসবে।