মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী: রিজভী

জনগণকে দমন করতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্বৈরাচারী মনোভাবের শাসকরা নিজেদের স্বার্থে মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনে যেমন লাঠি ও ডান্ডা অপরিহার্য, তেমনি তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের অন্তরে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে।

লাঠি যেমন খালি চোখে দেখা যায়, মিডিয়া নিয়ন্ত্রণের এই রূপটি সহজে দেখা যায় না; বরং প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে শাসন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।

উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের আদর্শিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আব্দুস সালাম সাহেবের মতো স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের অভাব আজ বিশ্বজুড়েই প্রকট।

তিনি সরকারি লাভজনক চাকরি ছেড়ে সাংবাদিকতার মতো কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলেন। একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি।

রিজভী বলেন, নোয়াম চমস্কি বলেছেন, স্বৈরাচারী শাসনে ডান্ডা-লাঠি খুবই অপরিহার্য- মানে জনগণকে দমন করে রাখার জন্য। গণতান্ত্রিক রাষ্ট্রে, যাদের অন্তরে স্বৈরাচারের বৈশিষ্ট্য আছে, তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন ডান্ডার মতো করে। এটা নোয়াম চমস্কির একটা অবজারভেশন। তার মানে একসময়ের সাংবাদিকরা সত্যিকার অর্থেই স্বায়ত্তশাসিত ছিলেন, সত্যিকার অর্থেই তারা স্বাধীনভাবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ সেটাই ছাপাতেন, প্রচার করতেন। তারা পয়সা বা কোনো হুমকির কাছে, কোনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। মাথা বিক্রি করেননি, তাদের প্রতীক হচ্ছেন সাংবাদিক আবদুস সালাম। আর এখন?

কাজী নজরুল ইসলামের সঙ্গে আবদুস সালামের জীবনসংগ্রামের তুলনা করে বিএনপি নেতা আরও বলেন, নজরুল ও আবদুস সালাম দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন এবং দুজনেই ১৯৭৬ সালে একুশে পদক পেয়েছেন। আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকদের আদর্শ আজকের বিপন্ন পৃথিবীতে আবার জাগিয়ে তোলা প্রয়োজন।

আলোচনা সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আবদুস সালামের কন্যা নিহাত সালামসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।