বিনা দরপত্রে রাজধানীর ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাগুলোর অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
দুদকের করা মামলাগুলোতে অভিযোগ ছিল, রাজধানীর ১৮টি পরিত্যক্ত বাড়ি বিক্রির জন্য রাজউকের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের কাছে বাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।
২০০৭ সালের ২৯ মার্চ এ ঘটনায় মির্জা আব্বাসসহ মোট ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোর মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে সব কটি মামলায় আসামি করা হয়।
অন্য আসামিদের মধ্যে ছিলেন এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলম।
এ ছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ও আহমেদ আকবর সোবহানকে দুটি করে মামলায় এবং মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো. শুকুর মিয়া, হাসনা আহমেদ ও আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়েছিল। আদালতের রায়ে তারাও খালাস পেয়েছেন।
মামলাগুলোর তদন্ত শেষে দুদক অভিযোগপত্র দাখিল করে। পরে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হলো।
