
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৭৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্য ৯৮৬ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
