একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে ইচ্ছামতো টাকা তুলতে পারবেন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে নিজেদের হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে আমানতের বিপরীতে প্রাপ্য মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গ্রাহকদের নতুন সুবিধার বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন এ সুবিধা কার্যকর হবে।

এদিকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে কার্যক্রম শুরু করা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।