
ঢাকার সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যালের পরিধি বাড়ানো হচ্ছে। পরীক্ষামূলকভাবে ১৩টি গুরুত্বপূর্ণ মোড়ে এ ব্যবস্থা চালুর পর এবার রাজধানীর আরও ৫০টি পয়েন্টে এআই ক্যামেরা ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২টি স্থানে এ প্রযুক্তি স্থাপন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তত্ত্বাবধানে তৈরি প্রযুক্তিটি যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পরিচালনা করতে সক্ষম।
সংশ্লিষ্টরা জানান, নতুন ব্যবস্থায় সিগন্যাল পরিচালনার জন্য সার্বক্ষণিক অপারেটরের প্রয়োজন হবে না। সড়কে যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যালের সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সদস্যরা ট্যাব ব্যবহার করেও সিগন্যাল নিয়ন্ত্রণ করতে পারবেন।
এআই সিগন্যাল চালুর ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক চালকের ভাষ্য, প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও আইন ভঙ্গের ক্ষেত্রে শাস্তির আশঙ্কা থাকায় তারা আগের তুলনায় বেশি সতর্ক হচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারাও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের অনিয়ম ও পুরোনো অভ্যাস পরিবর্তন করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হলেও প্রযুক্তিনির্ভর নজরদারি এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তবে মাঠপর্যায়ে কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা। ফুটপাত দখল, নির্ধারিত স্থান ছাড়া পথচারীদের রাস্তা পারাপার এবং ফিটনেসবিহীন যানবাহন ও ব্যাটারিচালিত রিকশার চলাচলের কারণে কিছু ক্ষেত্রে এআই সিস্টেমের কার্যকারিতা ব্যাহত হতে পারে।
এদিকে নতুন প্রযুক্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের অধীনে ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’কে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
