সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌফিক নেওয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নেওয়া হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর নির্ধারণ করা হতে পারে। এদিকে স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পেশায় আইনজীবী তৌফিক নেওয়াজ বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৮০ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার প্রকাশ করেন তৌফিক নেওয়াজ। অক্সফোর্ডের ওয়াধাম কলেজে অধ্যয়নকালে তিনি আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেনের গবেষণা সহযোগী হিসেবেও কাজ করেন।