
রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ (৫০) মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১টার দিকে রাজধানীর ভাটারা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে মক্কি মসজিদ গলির মুখের প্রধান সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পলাশ।
পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলির অংশবিশেষ বের করেন। অস্ত্রোপচারের পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পরে ঢাকা মেডিকেল থেকে গত ১৫ জুন তাকে ভাটারার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
পরিবারের সদস্যদের দাবি, প্রায় ২৫ বছর কারাভোগের পর দেড় মাস আগে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি বেশিরভাগ সময় বাসাতেই অবস্থান করতেন। তিনি আর অপরাধ জগতে পা রাখবেন না বলে অঙ্গীকার করেছিলেন।
এদিকে কারা সূত্রে জানা গেছে, মামলায় কাইল্লা পলাশের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে কারাগারে দীর্ঘ সময় ধরে ভালো আচরণের কারণে কারাবিধি অনুযায়ী ধাপে ধাপে সাজা হ্রাস পেয়ে প্রায় ২৫ বছর কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, এক সময়ের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে দীর্ঘদিন ধরে কারাগারে বিভিন্ন পর্যায়ে কাউন্সেলিং করা হয়েছে। এসব কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য ছিল, মুক্তির পর যেন তিনি আর অপরাধ জগতে ফিরে না যান এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
তিনি বলেন, কারাগারের ভেতরে কাইল্লা পলাশের মতো আরও অনেক বন্দিকে নিয়মিত কাউন্সেলিং করা হয়, যাতে তারা সাজাভোগ শেষে সমাজে ফিরে গিয়ে আবার অপরাধে জড়িয়ে না পড়েন। ঢাকার বিভিন্ন কারাগারে মিলিয়ে কাইল্লা পলাশ প্রায় ২৫ বছর কারাবন্দি ছিলেন। দীর্ঘ এ সময় কারাগারে কাটানোর কারণে কারা কর্মকর্তা-কর্মচারীদের কাছেও তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
ওই কর্মকর্তা আরও জানান, মুক্তির আগে কাইল্লা পলাশ তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি আর কখনো অপরাধ জগতে ফিরবেন না। তার ভাষায়, জীবনের সবচেয়ে মূল্যবান প্রায় ২৫ বছর কারাগারের চার দেয়ালের মধ্যে কেটে গেছে, যার ফলাফল ছিল ‘শূন্য’। সেই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি নতুনভাবে জীবন শুরু করার অঙ্গীকার করেছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান কাইল্লা পলাশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
