জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেক্সিকোতে পর্দা উঠেছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১১ জুন) ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মেক্সিকোর ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি ও লোকজ শিল্পের নানা দিক তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাকিরা ও বার্না বয়ের পরিবেশনারও আয়োজন রাখা হয়েছে।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় শুরু থেকেই ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। নিজ নিজ দেশের জার্সি ও ঐতিহ্যবাহী পোশাক পরে হাজারো সমর্থক উৎসবের আবহ তৈরি করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টিকিটধারীরা স্টেডিয়ামে প্রবেশ করেন।

কাগজে-কলমে ম্যাচটিতে এগিয়ে রয়েছে স্বাগতিক মেক্সিকো। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ১৫তম, যেখানে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৬০তম।

দুই দলের পূর্বের মুখোমুখি পরিসংখ্যানেও কিছুটা এগিয়ে মেক্সিকো। এখন পর্যন্ত চারবারের সাক্ষাতে মেক্সিকো জিতেছে দুটি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর অতীত পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। আগের ২২টি আসরে তিনবার উদ্বোধনী ম্যাচ খেললেও কোনোবারই জয় পায়নি দলটি। এর মধ্যে দুটি ম্যাচে পরাজয় এবং একটি ম্যাচে ড্র করেছে তারা।

১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারের স্বাদ পেতে হয়েছিল মেক্সিকোকে। এছাড়া ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এবার সেই ইতিহাস বদলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় স্বাগতিক মেক্সিকো, অন্যদিকে চমক দেখিয়ে শুভসূচনা করার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।