
মোঃ রাসেল
রাজধানীর বুকে থেকেও একবিংশ শতাব্দীতে যেন এক টুকরো অবহেলিত গ্রামের প্রতিচ্ছবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার ১১ নম্বর রোড। ঢাকা শহরের অন্যতম প্রাচীন এই আবাসিক এলাকায় প্রায় এক হাজার মানুষের বসবাস। অথচ বছরের পর বছর ধরে নিয়মিত হোল্ডিং ট্যাক্স বা কর পরিশোধ করেও ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। সবচেয়ে বড় সংকট—এখানে কোনো সুয়ারেজ (পয়ঃনিষ্কাশন) লাইন নেই, আর একমাত্র চলাচলের রাস্তাটির অবস্থাও বেহাল।
জনপদের ইতিহাস ও স্ব-উদ্যোগ
অনুসন্ধানে জানা যায়, নন্দীপাড়া এলাকার মধ্যে এই অংশটি অন্যতম প্রাচীন। ১৯৯০ সাল থেকে এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পার হলেও সরকারি কোনো অনুদান বা সিটি কর্পোরেশনের উন্নয়ন ছোঁয়া এখানে পৌঁছায়নি। বর্তমান যে রাস্তাটি দিয়ে এলাকার মানুষ চলাচল করছেন, তা ১৯৯১ সালে মরহুম আব্দুল বারেক সরকার সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছিলেন। তার সন্তান প্রবাসী জনাব আল আমিন সরকারের কাছ থেকে আরও জানা যায় কীভাবে প্রত্যেক নির্বাচনের আগে কীভাবে প্রার্থীরা রাস্তার কাজের আশ্বাস দিয়েও নির্বাচিত হয়ে তাদের কথা রাখেননি।
বৈষম্যের শিকার বাসিন্দারা
আশ্চর্যের বিষয় হলো, এই ১১ নম্বর রোডটি সরাসরি নন্দীপাড়ার প্রধান সড়কের (মেইন রোড) সাথে যুক্ত। আশেপাশের অন্যান্য রাস্তাগুলো সিটি কর্পোরেশনের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও পিচঢালা সড়কের ছোঁয়া পেলেও, এই একটি রাস্তা রহস্যজনকভাবে রয়ে গেছে উন্নয়ন বঞ্চিত।
এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত সিটি কর্পোরেশনের সমস্ত ট্যাক্স ও খাজনা পরিশোধ করি। কিন্তু বিনিময়ে আমাদের কপালে জুটেছে শুধু দুর্ভোগ। বর্ষা এলে তো কথাই নেই, সুয়ারেজ লাইন না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি নর্দমায় পরিণত হয়। ভেতরের ভেজা মাটির রাস্তাটি এখন গ্রামের কাঁচা রাস্তার চেয়েও জঘন্য ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।”
সংকটে প্রায় ১০০০ মানুষ
নন্দীপাড়া থানার অন্তর্গত এই সরু ও ভাঙাচোরা একমাত্র রাস্তাটির ওপর প্রতিদিন নির্ভর করতে হয় প্রায় এক হাজার মানুষকে। সুয়ারেজ লাইনের অভাবে ময়লা পানি ও বর্জ্য নিষ্কাশন এক স্থায়ী জনস্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিয়েছে। বয়োবৃদ্ধ, স্কুলগামী শিশু এবং অসুস্থ রোগীদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল এখন এক চরম পরীক্ষা।
এলাকার ভুক্তভোগী জনসাধারণের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই বৈষম্যের অবসান ঘটান। জরুরি ভিত্তিতে এখানে একটি আধুনিক সুয়ারেজ লাইন স্থাপন এবং রাস্তাটি সংস্কার করে রাজধানী ঢাকার উপযুক্ত একটি স্ট্যান্ডার্ডে উন্নীত করার জন্য তারা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমলে এলাকাবাসীর যাতায়াতে খুব কষ্ট হয়ে যায়।
এর আগেও যারা ক্ষমতায় ছিল তারা বিভিন্ন আশা দিয়ে তা পূরণ করে নি। ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব খুব দ্রুত রাস্তা মেরামত ও সংস্কারের জন্য আশা প্রকাশ করেন।
