
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) ফুটবল বিশ্বকাপ-২০২৬ ‘অল মিডিয়া রাইটস’ কিনছে বাংলাদেশ সরকার। এতে ব্যয় হবে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে প্রস্তাবটি নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হয়। উভয় কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে।
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপ উপভোগে সারাবিশ্বের দর্শকদের পাশাপাশি বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন।
সরকারের এই উদ্যোগের ফলে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগের পথ সুগম হলো।
