রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা গেলে তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে মামলার বিচার শেষ হয়েছে এবং প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, “আইনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া না থাকলেও প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করে বিচার সম্পন্ন হয়েছে। সরকার এ রায়ে সন্তুষ্ট এবং উচ্চ আদালতেও এটি বহাল থাকবে বলে আশা করছি।”

রায় কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেওয়া হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আসামিরা চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন এবং আইন অনুযায়ী সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে।

তিনি আরও জানান, আইনি বিধান অনুযায়ী সাত দিনের মধ্যে মামলার নথি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) নিশ্চিতকরণের জন্য হাইকোর্টে পাঠানো হবে। এরপর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেপার বুক প্রস্তুত করা হবে এবং নির্ধারিত শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে রোববার সকালে আসামি স্বপ্না আক্তার ও সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়।

গত ১ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুন ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং ৩ জুন আত্মপক্ষ সমর্থনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত তাদের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে দেওয়ারও নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে আসামিদের বাসায় নেওয়া হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের আইন অনুযায়ী অধস্তন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আপিলসহ সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক। তাই রায় কার্যকরের সময়সীমা এসব প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করে।