
ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে চড়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। আর সেই ঘরমুখো মানুষের ঢলে মুখর হয়ে উঠেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশন।
মঙ্গলবার (২৬ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে উপচেপড়া ভিড়।
স্টেশনের ভেতরে নানা বয়সী মানুষের ব্যস্ততা চোখে পড়ে। কারও হাতে বড় ট্রাভেল ব্যাগ, কেউ মাথায় বোঝা নিয়ে ছুটছেন প্ল্যাটফর্মের দিকে। আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনের অপেক্ষায় বসে আছেন। দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দে ক্লান্তিও যেন হার মেনেছে।
এদিকে যাত্রীদের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের টিকিট যাচাই এবং যাত্রীদের সহায়তায় সক্রিয় থাকতে দেখা গেছে।
