রাজধানীর হাটে গরু অনেক, ক্রেতা কম

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কুরবানির পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার মোট ২৭টি স্থানে কুরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে। আজ থেকেই পুরোপুরি জমে উঠবে গরুর হাট।

হাটে অনেক পশু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অবশ্য দুই-তিন দিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নদী ও সড়কপথে রাজধানীতে আসতে শুরু করে কুরবানির পশু। হাটে শুধু গরু নয়, উট, মহিষ, ছাগল ও ভেড়াও রয়েছে। তবে অধিকাংশ হাট সড়কঘেঁষা বা ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় নগরবাসীর মধ্যে তীব্র যানজট, জনভোগান্তি ও পরিবেশ দূষণের আশঙ্কাও রয়েছে।

ডিএসসিসি এবং ডিএনসিসি বলেছে, কুরবানির পশুর হাট নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫ দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ থেকে। যদিও গত বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিমূলক হাট বসা শুরু হয়েছে। কুরবানির পশু কেনাবেচা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ১০০ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। পশু বিক্রির অর্থ থেকে ইজারাদারকে ৫ শতাংশ হাসিল দিতে হবে। এর বাইরে গরু বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি হাটের প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই নির্ধারিত স্থানে সরিয়ে ফেলতে হবে, যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়। হাটগুলোতে নিরাপত্তা, বর্জ্য অপসারণ, অস্থায়ী শৌচাগার, পানি ও আলোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ টিম, ভেটেরিনারি মেডিকেল টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

দুই সিটি করপোরেশন সূত্র জানায়, ডিএসসিসির ১১টি অস্থায়ী হাটগুলো হলো- পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গা। এ ছাড়া আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২-এর খালি জায়গা, শিকদার মেডিকেলসংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গা, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গা, মোস্তমাঝি মোড়সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায়ও কুরবানির পশুর হাট বসবে। ডিএনসিসির ১৬টি হাটের মধ্যে রয়েছে গাবতলী স্থায়ী পশুর হাট।

আর অস্থায়ী হাটগুলো হলো- মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) এলাকা, মিরপুর কালশী বালুর মাঠের ১৬ বিঘা খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা কাঁচা বাজারসংলগ্ন খালি জায়গায় এবং পূর্ব হাজীপাড়ায় ইকরা মাদরাসার পাশের খালি জায়গা। এ ছাড়া মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গায়, উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকায়, ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউসংলগ্ন উত্তরা রানাভোলা সুইসগেট পর্যন্ত এলাকা, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকা, মস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিম পাড়া, ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মহাখালী টিঅ্যান্ডটি মাঠের জায়গা, বাড্ডা থানার স্বদেশ প্রপাটিরও খালি জায়গা এবং বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গায় পশুর হাট বসবে।

ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় গরু না আসায় এবার দেশীয় পশুর চাহিদা বেশি। ভালো দামের আশা করছি। ইতিমধ্যে উত্তরাঞ্চল, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলসহ সারা দেশ থেকে বিপুলসংখ্যক গরু রাজধানীতে এসেছে। ঈদের আগের দিন পর্যন্ত গরু আসবে। এখন সবাই হাটকেন্দ্রিক ব্যস্ত সময় পার করছেন। তবে খামারি, সাধারণ চাষি ও মৌসুমি ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে আসতে গিয়ে কোথাও কোথাও বিড়ম্বনারও শিকার হচ্ছেন। তারপরেও আজ থেকে রাজধানীর পশুর হাটগুলো পুরোপুরি জমজমাট হয়ে উঠবে বলে আশা করছি।