
স্পোর্টস ডেস্ক
তুর্কিয়ের প্রাণবন্ত শহর ইস্তানবুলে আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড তায়কোয়ানডো আয়োজিত আন্তর্জাতিক রেফারি সেমিনারের ঐতিহাসিক ১৪০তম আসর।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তায়কোয়ানডোর সেরা রেফারি ও কর্মকর্তারা একত্রিত হবেন এই মহাসম্মেলনে, আর সেই গর্বিত কাফেলায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নামও।
এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে গতকাল সোমবার (১৮মে) বিকাল ৪টায় দেশ ছেড়েছেন বাংলাদেশের তিনজন কৃতী তায়কোয়ানডো ব্যক্তিত্ব।
প্রতিনিধি দলে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও রাজশাহী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মো. কামরুজ্জামান চঞ্চল; বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সদস্য জনাব মরিয়ম বেগম ইতি এবং ফেডারেশনের অভিজ্ঞ রেফারি জনাব পুলক দাস।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক মাইলফলক অর্জন। বিশ্ব তায়কোয়ানডোর এই উচ্চমানের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তিনজন প্রতিনিধির উপস্থিতি প্রমাণ করে যে, তায়কোয়ানডোতে বাংলাদেশ কেবল অংশগ্রহণকারী দেশ নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বীকৃত ও সম্মানিত নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে।
দেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল প্রতিনিধিদের সাফল্য কামনা করছেন ফেডারেশনের সকল কর্মকর্তা, খেলোয়াড় এবং তায়কোয়ানডোপ্রেমী সকল বাংলাদেশি।
