
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।
এছাড়া চলতি সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
