মতিঝিলে সাইবার ক্যাফেতে জালনোট তৈরির কারখানা, গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিলে একটি সাইবার নেট ক্যাফেতে অভিযান চালিয়ে সরঞ্জামসহ জালনোট কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তাররা হলেন কামরুল ইসলাম (২৮) ও নিষাদ হোসেন (২৮)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) রাত ১১টা ২০ মিনিটে মতিঝিল থানাধীন কমলাপুর বাজার রোডের ১৭/১৮/এ নম্বর বাসার একটি সাইবার নেট ক্যাফেতে অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল।

অভিযানে জালনোট তৈরির সঙ্গে জড়িত কামরুল ইসলাম ও নিষাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২০ হাজার টাকা।

এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, মনিটর, মাউস, স্ক্যানার, কালার প্রিন্টার, কিবোর্ড, পাঁচটি কানেকশন ক্যাবল এবং এক রিম এ-ফোর সাইজের সাদা কাগজ জব্দ করা হয়েছে।
র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন তারা একটি জালনোট প্রস্তুতকারী চক্রের সদস্য।

চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি জাল নোট তৈরি করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা জালনোটকে আসল টাকা হিসেবে বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল, যা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক (খ) ধারায় দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জালনোট ও প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।