হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে।

এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন বলে জানিয়েছে অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।