কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এ দর ঘোষণা করেন।

সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়া সংরক্ষণে এবারও বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারি অর্থায়নে সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং পাচার কমানো সম্ভব হবে। পাশাপাশি দেশের চামড়া শিল্পও এতে উপকৃত হবে।