
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা। রোববার (১২ এপ্রিল) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তরের পর এটি দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করল সংস্থাটি।
বিপিসির অধীন পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই জ্বালানির প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারি নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে গত জানুয়ারিতে প্রস্তাবের ওপর গণশুনানি শেষে এবার নতুন দাম নির্ধারণ করা হলো।
