
সাম্প্রতিক নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সর্বশেষ নির্বাচন তার প্রমাণ।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব অনিয়মের প্রতিবাদে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং দুই আসনে পুনর্নির্বাচনের দাবি জানান।
তিনি বলেন, “এই নির্বাচন প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান নির্বাচন অতীতের চেয়েও খারাপ হয়েছে।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে দলটি স্বৈরাচারী আচরণ করছে এবং গণভোটের রায় বাস্তবায়নে দ্বিচারিতা করছে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা।
