হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। একই সময়ে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ২৪১ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৫১ জনে। এর মধ্যে ৫ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।