
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি ও শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হামের উপসর্গে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২১ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৮৯ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫৯৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ শিশু, যার মধ্যে ৫ হাজার ২৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
