দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী

দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেল— ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। পাশাপাশি অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত ১৬ হাজার টন।

তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে নিয়মিত জ্বালানি সংগ্রহ করছে। পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে অভিযানে প্রায় ৪০ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিতভাবে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রয়োজন অনুযায়ী তেলের দাম সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়।

তিনি আরও জানান, তেলের দাম পরিবর্তনের ক্ষেত্রে নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং প্রয়োজনে বিষয়টি কেবিনেট বৈঠকে সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।