
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুতের দায়ে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মোট ৭৫০ লিটার জ্বালানি তেল জব্দসহ দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) মাদারটেক আব্দুল আজিজ স্কুল এর সামনে তমাল অটো ট্রেডার্স এবং তার বিপরীত পাশে আরেকটি প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ মজুতকৃত তেল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
মজুতের বিষয়টি স্বীকার করায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের মৌখিকভাবে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধ মজুত গড়ে তুলছে।
