
দেশের সব জেলা ও উপজেলায় আগামী ৩ মে থেকে পর্যায়ক্রমে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের অন্যান্য জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।
তিনি জানান, শিশুদের ঝুঁকির কথা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে সারাদেশে এই টিকা কার্যক্রম চালানো হচ্ছে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।
হামের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এই রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।
