
জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সংস্থা ইউএন-ওএইচআরএলএলএস (UN-OHRLLS) দেশের উত্তরণ প্রস্তুতি পর্যালোচনায় একটি স্বতন্ত্র মূল্যায়ন উপস্থাপন করে, যা সভায় আলোচিত হয়।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না; খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ এখনো তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে দীর্ঘ সময় এ চাপ বহন করা কঠিন।
তিনি বলেন, সরকার জনগণের ওপর হঠাৎ বাড়তি চাপ দিতে চায় না। কিন্তু ধারাবাহিকভাবে ভর্তুকি দিতে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বর্তমান পরিস্থিতিকে ‘প্রতিদিনের সংকট মোকাবিলা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নমুখী। জ্বালানি খাতে ভর্তুকি, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানিনির্ভরতার কারণে চাপ বাড়ছে।
সংকট উত্তরণে সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও সঠিক নীতিমালার সমন্বয়ের মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।
তিনি আরও জানান, উত্তরণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে অর্থনীতির মৌলিক সূচকগুলো শক্তিশালী করতে কাজ করছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।
সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
