কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে বিভাজন ও বিদ্বেষের জায়গায় পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ঘৃণার রাজনীতি নয়, মানুষের প্রতি ভালোবাসাই হওয়া উচিত আমাদের পথচলার মূল শক্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানের একটি অনন্য উদাহরণ। এখানে ইসলাম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতে ধর্মকে কেন্দ্র করে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে, যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সব ধর্মের মানুষের সমর্থন ও সহযোগিতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।