
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার জেরে রাজধানীজুড়ে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হচ্ছেন অনেকে। তবুও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ফল মিলছে না, ফিরছেন প্রয়োজনীয় তেল না পেয়েই।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর মতিঝিল, রামপুরা, ত্রিমোহনীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও কোথাও মোটরসাইকেল ও প্রাইভেটকারের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে।
অনেক চালক জানান, দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
তাদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও কোথাও তেল মজুত রেখেও বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকে রাস্তায় দাঁড়িয়েই খাবার খাচ্ছেন, কেউ অফিস মিস করছেন। কেউ আবার অতিরিক্ত খরচ করে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।
