
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংক খাতের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের নতুন অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুসরণ করবে।
নতুন সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা সংশ্লিষ্ট নির্দেশনা বহাল থাকবে।
এর আগে সরকারও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ এবং বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনাও দিয়েছে সরকার।
