শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সাশ্রয়ী হব, যেন জ্বালানি সাশ্রয় করতে পারি। সাশ্রয় করলে আমরা জ্বালানি দীর্ঘসময় ব্যবহার করতে পারব। যদি সাশ্রয় করতে পারি, তবে দেশের জন্য জ্বালানি কম আমদানি করতে হবে। এতে আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম।

সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি, সতর্ক থাকি, তাহলে অহেতুক বিপদে পড়ব না। তাছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। এই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব। যেটা আমরা সেইভ করলাম, সেই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব, এটাই স্বাভাবিকতা।

পৃথিবীর অনেক দেশে এক ঘণ্টা কম বেশি হয় শীত ও গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন আমরা সবাই এই পদক্ষেপগুলো প্রতিপালন করে শৃঙ্খলাবোধের পরিচয় দেব এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করব।

এলপি গ্যাসের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপি গ্যাস আমদানি করা হয়, সেখানে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপি গ্যাসের দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হবে কি না– এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই। সমস্ত শিল্প গ্যাসের মাধ্যমে পরিচালিত হয়। সেসমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।