সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিবি সূত্রে জানা গেছে, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।