অপকর্মে জড়িয়ে আমাদের সাথে ছবি তুললেই আমার লোক হওয়া যাবে না : প্রতিমন্ত্রী হাবিব

সমাজে বিভিন্ন অপকর্মে জড়িয়ে আমার বা আমাদের সাথে হাঁটলেই কিংবা ছবি তুললেই কেউ আমাদের লোক হয়ে যাবে না। এমন সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, এমপি।

একইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি নিজস্ব দলের নেতাকর্মীদেরও কোনো ধরনের অপকর্মে না জড়ানোর কঠোর বার্তা দিয়েছেন।

রাজধানী ঢাকার খিলগাঁও থানাধীন ঝিলপাড় এলাকায় সামাজিক সংগঠন ‘আমরা ক’জনা’র উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক ঈদ পুনর্মিলনী ও আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে ঢাকা-৯ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য তাঁকে নির্বাচিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক সংগঠন ‘আমরা ক’জনা’-র চমৎকার আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ আর ভূমিদস্যুদের মূলোৎপাটন করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যেই তিনি এমন কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন।

সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চলা মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ক’জনা’র সভাপতি খোরশেদ আলম বাদল এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম জামাল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নিজেই। এরপর সুশীল সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হাফিজুর রহমান ময়না।

বর্ণাঢ্য এ আয়োজনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও হাজারো শুভাকাঙ্ক্ষীর ঢল নামে। সেখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ওসাক-এর নেতৃবৃন্দ উপস্থিত থেকে এলাকার সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।