
দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি।
রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে মিজেলস বা হামের রোগীর সংখ্যা সম্প্রতি বেড়েছে। প্রায় আট বছর আগে শেষবারের মতো এ টিকার কার্যক্রম পরিচালিত হয়, এরপর দীর্ঘ সময় তা বন্ধ ছিল। তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং টিকা ক্রয়ের প্রক্রিয়াও ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিশুদের সাধারণত ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া বিশেষ টিকাদান কর্মসূচির সময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়।
টিকাদান কার্যক্রমের ফলে একসময় দেশে হামের প্রকোপ কমে এলেও চলতি বছরে তা আবার বৃদ্ধি পেয়েছে। জানুয়ারির শুরুতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হামের রোগী শনাক্ত হয় এবং পরে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও সংক্রমণ বাড়তে দেখা যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটের মধ্যে শিশু মৃত্যুর ঘটনার পর সরকার নতুন ভেন্টিলেটর সংগ্রহ করছে। ইতোমধ্যে পাঁচটি ভেন্টিলেটর পাওয়া গেছে এবং আরও ১২টির বেশি ভেন্টিলেটর শিগগিরই সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত টিকাদান কার্যক্রম চালু করা গেলে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
