
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দিনভর নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।শনিবার (২৮ মার্চ) দুপুর থেকেই হাজারো নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি শনিবার নয়াপল্টনের কার্যালয়ে বসবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ দলীয় কার্যালয়ে যাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সংশ্লিষ্ট নেতারা।
