
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।
আগামীকাল রোববার থেকে অফিস-আদালত পুরোপুরি চালু হওয়ার কথা থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় প্রতিটি ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়। স্টেশনের ভেতরে ও প্ল্যাটফর্মজুড়ে তিল ধারণের ঠাঁই ছিল না।
এবারের ছুটিতে ২৬ মার্চের সরকারি বন্ধ ও পরবর্তী সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যুক্ত করে অনেকেই গ্রামে গিয়েছিলেন। ফলে ছুটি শেষে একসঙ্গে ঢাকায় ফেরার কারণে যাত্রীর চাপ বেড়েছে।
যাত্রীদের অনেকেই জানান, ট্রেনে ভিড়ের কারণে ভোগান্তি হলেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারায় স্বস্তি পেয়েছেন। চুয়াডাঙ্গা থেকে আসা এক যাত্রী বলেন, ভিড় বেশি থাকলেও ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছেছে, যা ইতিবাচক।
তবে এসি কামরার যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে। অভিযোগ রয়েছে, আসনবিহীন যাত্রীরা এসি বগিতে ঢুকে পড়ায় নির্ধারিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরেছেন বলেও জানা গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তিতে আসতে পারছেন৷ স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর আছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন।
এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
ছুটি শেষে রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও অন্যান্য প্রতিষ্ঠান পুরোদমে চালু হবে। পাশাপাশি চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে যাওয়ার কথা রয়েছে। ফলে রাজধানী আবারও তার ব্যস্ত ও চেনা রূপে ফিরতে শুরু করেছে।
