
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম এশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচির বরাতে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ।
শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানি সামরিক কর্মকর্তা দাবি করেন—এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থাপিত ১৭টি ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনী ধ্বংস করেছে। তার ভাষায়, এসব ঘাঁটি রক্ষায় মার্কিন বাহিনী ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির পর ইরান তাদের প্রতিরক্ষা কৌশল আরও আক্রমণাত্মকভাবে সাজিয়েছে।
তবে তিনি একই সঙ্গে দাবি করেন, ইরান গত কয়েক দশকে কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু ইরানের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শেখারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করছে। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোকে মার্কিন বাহিনীকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যৎ পরিস্থিতি আগের মতো থাকবে না এবং কোনো সংঘাত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তিনি দাবি করেন, ইরান তাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা অটল থাকবে।




